নেত্রকোনায় আন্তঃজেলা বাস টার্মিনাল আধুনিক রূপে গঠনের উদ্যোগ

নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা পৌর শহরের পারলা এলাকায় অবস্থিত আন্তঃজেলা বাসস্ট্যান্ডটি আধুনিক টার্মিনালে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বহু বছরের অব্যবস্থাপনা, ভাঙাচোরা রাস্তা ও নোংরা পরিবেশের অবসান ঘটিয়ে এই গুরুত্বপূর্ণ টার্মিনালকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা নেত্রকোণাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দেবে।

নেত্রকোণা আন্তঃজেলা বাসস্ট্যান্ড পরিদর্শনকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান জানান, দ্রুত সময়ের মধ্যেই বাসস্ট্যান্ডের পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন,

“যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা বিবেচনা করে দুটি আধুনিক টয়লেট, ছাউনি প্ল্যাটফর্ম, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই মানুষ যেন স্বস্তিতে, নিরাপদে ও সুশৃঙ্খলভাবে ভ্রমণ করতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার জানান, সিআরডিপি প্রকল্পের আওতায় বাসস্ট্যান্ডটি একটি আধুনিক টার্মিনালে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন,

“ভঙ্গুর অবকাঠামো ও যানজটের কারণে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি এখন অতীত হতে চলেছে। সংস্কার শেষ হলে নেত্রকোণার পরিবহন ব্যবস্থার নতুন অধ্যায় সূচিত হবে।”

বছরের পর বছর অব্যবস্থাপনা, ভাঙাচোরা রাস্তা ও অপরিচ্ছন্ন পরিবেশে অতিষ্ঠ যাত্রীরা এখন আশার আলো দেখতে পাচ্ছেন। স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক অবকাঠামো ও উন্নত সেবার মাধ্যমে এই টার্মিনালটি জেলা শহরের প্রাণকেন্দ্রে ভ্রমণযাত্রীদের জন্য হয়ে উঠবে স্বস্তি ও আরামের ঠিকানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *