নেত্রকোনা জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২, সদর-বারহাট্টা আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সোমবার বেলা ১২টায় জেলা শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। মিছিলটি জেলা শহরের কোর্ট স্টেশন প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকপাড়াস্থ ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
পরে লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আরিফা জেসমিন নাহীন, সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে যাকেই মনোনয়ন দিবেন আমরা তাকেই ঐক্যবদ্ধভাবে বিজয়ী করব। নির্বাচনকে সামনে রেখে পলাতক ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে ঐক্যের বিকল্প নেই বলে ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। দল থেকে যাকেই ধানের শীষ মনোনয়ন দিবেন, তার জন্য আমরা সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যাব। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের আরও সতর্ক থাকতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।