নেত্রকোনার মদনে ক্ষেতে আগুনে পোড়া অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মোশাররফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনা জেলার মদন উপজেলার জাওলা-কেরজানি বাজার সংলগ্ন একটি ক্ষেতে খড়ের মধ্যে আগুনে পোড়া অবস্থায় ফজল হক নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যায় ফজল হক তার ভ্যানগাড়ি চার্জে দিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর রাতে ঘরে ফেরেননি। পরদিন স্থানীয় মো. ফেরদৌস মিয়া ক্ষেতে খড় আনতে গিয়ে আগুনে পোড়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান। বিষয়টি এলাকাবাসী ও স্থানীয় মেম্বারকে জানানো হলে তারা মদন থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখে নিহত ফজল হকের বোন রিনা আক্তার বাদী হয়ে মদন থানায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি মদন থানার মামলা নং–৭ হিসেবে নথিভুক্ত হয়েছে।

পরে তদন্তের অংশ হিসেবে উপজেলার জাওলা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাকিব মিয়া (২৫) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এমন ঘটনা একা কারও পক্ষে ঘটানো সম্ভব নয়। তারা ঘটনার সুষ্ঠু ও গভীর তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আশা করছেন, প্রকৃত অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন।

এ বিষয়ে মদন থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *