পর্যটন ও সীমান্ত বাণিজ্যের কেন্দ্রবিন্দু হবে শাহপরীর দ্বীপ: আনোয়ারী

মোঃ সোহেল:

টেকনাফের শাহপরীর দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা বাজার সংলগ্ন মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অতীতের নেতৃত্বে সততা ও ন্যায়পরায়ণতার অভাবে শাহপরীর দ্বীপের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। আপনাদের ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত হলে শাহপরীর দ্বীপকে পর্যটন ও সীমান্ত বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে এই দ্বীপের মানুষের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশের শাসনব্যবস্থা এবং গরিব-দুঃখী ও মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, তারা নিজেদের আখের গোছাতে পারলেও সাধারণ মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। সৎ ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা কায়েম ছাড়া একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের ঐতিহাসিক মিশনে শামিল হোন।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নূরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, উপজেলা ইসলামী খেলাফত মজলিসের আমির মাওলানা আজিজুর রহমান, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইব্রাহিম মাহমুদ এবং সাবরাং ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ মোহাম্মদ জুবায়ের ও সেক্রেটারি আনোয়ার হোসেন বাপ্পী। আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল আমিন, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শাহ কামাল শাফি, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ ও সেলিম উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন— সাবরাং ইউনিয়ন জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি নূরুল আমিন, সহ-সেক্রেটারি আব্দুর রহমান, সাবরাং ৮নং ওয়ার্ডের সভাপতি শেফায়েত উল্লাহ, ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা রশিদ উল্লাহ, জামায়াত নেতা নূরুল আমিন, মুজিব উল্লাহ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নূর শফি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *