স্টাফ রিপোর্টার:
মোহাম্মদ তরিকুল ইসলাম শান্ত অভিযোগ করেছেন, গত দুই বছরেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর ওমর ফারুক তাকে নিয়মিত হুমকি দিয়ে লক্ষাধিক টাকারও বেশি অর্থ হাতিয়ে নিচ্ছেন।
শান্ত বলেন, ১৪ মার্চ অভিযুক্ত কর্মকর্তা তাকে ফোন করে ৫০,০০০ টাকা দাবি করেন। টাকা না দেওয়ার পাশাপাশি, পূর্বে নেওয়া অর্থ ফেরত চাইলে ইন্সপেক্টর ওমর ফারুক তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং ক্রসফায়ারে মেরে ফেলার কথাও বলেছেন।
তিনি আরও জানান, তিনি ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় এবং কলাবাগান থানা জিয়া মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করছেন। অতীতেও তাকে নানা হুমকির মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ছবি তোলার চেষ্টা করার কারণে তাকে হুমকি দেয় কনস্টেবল বাবুল। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টারে জানালে অভিযোগের দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্সপেক্টর ওমর ফারুককে। তখন ওমর ফারুক ছিলেন ডিএমপির হেডকোয়ার্টারের অপারেশন বিভাগে।
শান্তের দাবি, এর পর থেকে অভিযুক্ত কর্মকর্তা নানান হুমকি দিয়ে তার কাছ থেকে ১ লক্ষ টাকারও বেশি অর্থ হাতিয়েছেন। এছাড়াও, তিনি অভিযোগ করেছেন যে, ওমর ফারুক বর্তমানে কলাবাগান থানায় থাকা জুলাই গণঅভূথমানে ছাত্র হত্যা মামলার আসামি ফারুক হোসেনকে টাকার বিনিময়ে নানা ধরনের সহায়তা দিচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শান্ত বলেন, “টাকা চাইলে আমাকে গুলি করে মারার হুমকি দিচ্ছেন।”
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।