পূর্বধলায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ, থানায় মামলা; নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

নাছিমা খাতুন সুলতানা:

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক হিন্দু পরিবারের সদস্যকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের মৃত গৌরাঙ্গ চন্দ্র ভদ্রের ছেলে কাকন চন্দ্র ভদ্রকে গত ৫ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত প্রায় ১টার দিকে প্রলোভন দেখিয়ে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায় একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. লিটন মিয়া। পরে তাকে জোরপূর্বক মুখ বেঁধে পাশ্ববর্তী পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়।

সেখানে সাবেক ইউপি সদস্য মৃত মিরাজ আলীর ছেলে মো. তাইজ উদ্দিনের বাড়িতে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগে বলা হয়, টাকা না দিলে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে প্রাণভয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা প্রদান করলে তাকে মুক্ত করা হয়।

এ ঘটনায় কাকন চন্দ্র ভদ্র বাদী হয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় মো. লিটন মিয়া ও মো. তাইজ উদ্দিনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত লিটন মিয়া দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর নানা ধরনের নির্যাতন ও অপকর্ম চালিয়ে আসছে। এ কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে মামলা দায়েরের পর থেকেই বাদী কাকন চন্দ্র ভদ্র ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ সুপারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *