মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ: দৈনিক সচেতন পত্রিকার সিনিয়র সাংবাদিক ও নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সাংবাদিক শহিদুল্লাহ শিশির মারা গেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর চারটায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি কাশীপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শহিদুল্লাহ শিশির দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন ইস্যুকে সামনে এনে ছিলেন। তিনি নারায়ণগঞ্জে সাংবাদিকতার মান ও পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।
পরিবারসূত্রে জানা যায়, তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর শুক্রবার বাদ জুম্মা কাশীপুর হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে মাঠে নামাজের জানাজা শেষে তাকে কাশীপুর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সহকর্মী সাংবাদিকরা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
শহিদুল্লাহ শিশিরের প্রয়াণে স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে। একাধিক সহকর্মী বলেন, “শিশির সাহেব ছিলেন নির্ভীক ও সততা-বোধসম্পন্ন সাংবাদিক। তার অভাব এলাকায় কখনও পূরণ হবে না।”
স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সমাজও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। শহিদুল্লাহ শিশিরের অবদান নারায়ণগঞ্জের সাংবাদিকতা ও সমাজসেবার ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।