মোঃ আনজার শাহ:
“আপনাদের আশা পূরণ করতে চাই — বরুড়াকে একটি স্বনির্ভর, আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।” — এই দৃঢ় প্রতিশ্রুতি দিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ঐতিহ্যবাহী অফিসার্স ক্লাবে ঢাকাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের জমকালো আসরে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই ঘোষণা দেন। উপস্থিত বরুড়াবাসীর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম।
মন্ত্রী আবেগমাখা কণ্ঠে বলেন, “আমরা যে দলই করি না কেন, দিন শেষে আমরা সবাই বরুড়াবাসী। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এলাকার উন্নয়নে হাত মেলাতে হবে। বরুড়ার একটি মানুষও যেন পিছিয়ে না থাকে — সেটাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, পাঁচ বছরে বরুড়াকে এমন একটি উপজেলা হিসেবে গড়ে তোলা হবে, যা হবে সারা দেশের জন্য অনুকরণীয়। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান — প্রতিটি খাতে দৃশ্যমান পরিবর্তন আনা হবে। বরুড়াবাসীর প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলেও দৃঢ়তার সঙ্গে জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট বক্তারা বরুড়ার উন্নয়নে মন্ত্রীর সদিচ্ছা ও কর্মস্পৃহার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্য রাখেন প্রকৌশলী মো. আতিকুর রহমান, মো. আবদুল হক, ডা. মো. রুহুল আমিন এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ। সরকারের অতিরিক্ত সচিব ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম বর্তমান কমিটির সভাপতি হিসেবে বক্তব্যে বরুড়ার উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেন।
সমিতির বিদায়ী সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটি পরিণত হয় বরুড়াবাসীর এক মিলনমেলায়। ঢাকায় কর্মরত ও প্রবাসী বরুড়াবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
ইফতার ও আলোচনা পর্বের পর বরুড়ার সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় আন্তরিক মোনাজাত পরিচালিত হয়। উপস্থিত সবার চোখেমুখে ছিল একটি সুন্দর বরুড়া গড়ার স্বপ্ন আর প্রত্যয়ের আলো।