মোঃ আনজার শাহ:
কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা ও এলাকার পরলোকগত মুরব্বিদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন,
“শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমাদের সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধই দেশকে এগিয়ে নেবে। সৎ পথে থেকে নিজ নিজ লক্ষ্য অর্জনে দৃঢ় থাকতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে—তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি ইলিয়াস হোসেন বলেন,
“বিদ্যালয় শুধু জ্ঞানার্জনের স্থান নয়, এটি মানুষ গড়ার কারখানা। এখান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধই জীবনের প্রতিটি ধাপে পথ দেখাবে। শিক্ষার্থীদের উচিত নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখা।”
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
শেষে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।