স্বাধীন সংবাদ ডেস্ক:
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল ঢাকার আকাশে। ঠিক ২২ বছর পর আবারও ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে জয় পেল বাংলাদেশ জাতীয় দল। ২০০৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ১–০ গোলে হারালো ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। আর এই ঐতিহাসিক জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ—রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অভিনন্দনের বন্যা।
এই উচ্ছ্বাসে অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জাতীয় দলকে অভিনন্দন জানান এবং খেলোয়াড়দের মনোবল, শৃঙ্খলা ও দলগত ঐক্যকে বাংলাদেশের সত্যিকারের শক্তি বলে মন্তব্য করেন।
তারেক রহমান লিখেন,
“২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি।”
তিনি আরও বলেন, খেলার শুরুতেই তরুণ ফুটবলার মোরসালিনের দুর্দান্ত গোল এবং দলের লড়াকু মানসিকতা বাংলাদেশের লাখো সমর্থকের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
“আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে।”
তারেক রহমান আরও উল্লেখ করেন, জাতীয় দলের ফুটবলাররা শুধু মাঠের খেলোয়াড় নন—তারা দেশের যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির প্রকৃত দূত। বাংলাদেশ ক্রীড়া অঙ্গন আগামী দিনে আরও সম্ভাবনাময় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
“আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে—যেখানে প্রতিভা লালিত হবে, স্বপ্নগুলো পূরণ হবে এবং আমাদের পতাকা আরও উচ্চে উড়বে,”— যোগ করেন তারেক রহমান।
দিনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ম্যাচের ৮ মিনিটে মোরসালিনের অসাধারণ গোল। ডান দিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক কার্ভ শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন এই তরুণ ফরোয়ার্ড। গোলের পর থেকেই বাংলাদেশ চাপ ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেরাই ধরে রাখে। ভারতের একের পর এক আক্রমণ ব্যর্থ করে রক্ষণভাগ দেখিয়েছে দারুণ দৃঢ়তা।