শামীম হোসেন সিকদার, বান্দরবান জেলা।
বান্দরবান পার্বত্য জেলার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ জেলা গড়তে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, “বান্দরবানের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। বান্দরবানবাসীর সর্বাত্মক সহযোগিতা পেলে আমরা এই জেলাকে একটি মডেল জেলায় রূপান্তর করতে পারব।”
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। নবনিযুক্ত জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্যের সাথে সবার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক সমন্বয়ের মাধ্যমে প্রিয় বান্দরবান অনেক দূর এগিয়ে যাবে—এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন সভায় উপস্থিত সচেতন মহল।