স্বাধীন সংবাদ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, বিজয় দিবস সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো শঙ্কা বা অস্থিতিশীলতার সুযোগ নেই।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে কোথাও উত্তেজনা বা অরাজকতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসের অনুষ্ঠানও পূর্বের মতোই হবে; বরং অংশগ্রহণ ও আয়োজন এবার আরও সমৃদ্ধ হবে। তবে আগের বছরের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি।
সাংবাদিক তুলে নেওয়ার সাম্প্রতিক অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি পরিচয়ে একজন সাংবাদিককে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তুলে নেওয়ার বিষয়টি তিনি এই প্রথম শুনেছেন। তিনি আশ্বস্ত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।