মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, গাওলা ইউনিয়ন–এর শুড়িগাতী সরকারি পুকুর এলাকায় “মেসার্স চয়ন ট্রেডার্স” নামে একটি প্রতিষ্ঠানে দিপালোক কীর্ত্তুনিয়া সার ও কীটনাশকের ব্যবসা করছেন। তিনি স্বীকার করেছেন যে, তার সারের লাইসেন্স নেই, তবে কীটনাশকের লাইসেন্স রয়েছে।
এদিকে জয়খা এলাকায় দেবদাস মন্ডলের বিরুদ্ধেও লাইসেন্স ছাড়াই সার ও কীটনাশক বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি ইউরিয়া ২৮–২৯ টাকা, ডিএপি ৩০–৩২ টাকা, এমওপি ২৩–২৪ টাকা এবং টিএসপি ৩০ টাকায় বিক্রি করছেন, যা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি।
কৃষকদের অভিযোগ, মনিটরিং দুর্বল হওয়ায় কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র কৃষকরা বিপাকে পড়ছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, তিনি নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে অবগত নন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আলঙ্গীর হোসেন বলেন, লাইসেন্স ছাড়া ব্যবসা না করতে দিপালোককে নিষেধ করা হলেও তিনি তা শুনছেন না।