প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
বোয়ালখালী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। ১৪ জানুয়ারি বিকাল ৪টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি উপজেলার গোমদণ্ডী ফুলতল প্রাঙ্গণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এটি উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
এ সচেতনতা ও উদ্বুদ্ধকরণমূলক আয়োজনে ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্টসমৃদ্ধ এই কারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশবিশেষ এবং আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হলে দর্শকদের আবেগাপ্লুত হতে দেখা যায়।
এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তাগুলো প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাচন অফিসার তনুশ্রী গোস্বামীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ। প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।