বোয়ালখালীতে ঝুলন্ত বৈদ্যুতিক তার অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অগ্নিকাণ্ড রোধে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখাল: 


বোয়ালখালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে ঝুলন্ত ও অপরিকল্পিতভাবে বৈদ্যুতিক তার টানানোর কারণে সৃষ্ট ঝুঁকি কমাতে এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা।

অভিযানে খাজা মার্কেট, জব্বার মার্কেট, জলিল মার্কেট, মদিনা মার্কেটসহ পৌর সদরের বিভিন্ন ব্যবসাকেন্দ্রে পরিদর্শন করে অগ্নি নির্বাপনের জন্য যথাযথ যন্ত্রপাতি, যেমন—ফায়ার এক্সটিংগুইশার ও পানির রিজার্ভার রাখার নির্দেশনা দেওয়া হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখা এবং ফায়ার লাইসেন্স না থাকার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্প্রতি জব্বার মার্কেটের তৃতীয় তলায় ‘বিয়ে বাজার’ নামক একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি প্রতিরোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *