ভুয়া পোস্টার নিয়ে বিব্রত অভিনেতা হাসান মাসুদ

স্বাধীন সংবাদ বিনোদন:  

এক সময়ের ব্যস্ত অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকলেও নানা ইস্যুতে মাঝেমধ্যেই আলোচনায় থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবির কারণে তিনি বিব্রত পরিস্থিতিতে পড়েছেন।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা গেছে, হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো’। ছবিগুলো প্রথম নজরে দেখে মনে হতে পারে, এটি কোনো প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ।

তবে অভিনেতা স্পষ্ট করে জানিয়েছেন, এই ছবিগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,

“এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে। কে বা কারা এই ছবি ছড়িয়েছে, তা আমার জানা নেই। এই ধরনের কাজ কারা করছে, বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়। ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে হাসান মাসুদ আরও বলেন,

“এখন সময় ভালো না। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন, ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো—এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।”

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভুয়া কনটেন্টের এমন বিস্তার ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে পুনরায় প্রশ্ন তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *