মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না থাকা এবং নকল ও নিষিদ্ধ পণ্য বিক্রির অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে সোনালী মোরগ ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘তুহিন ট্রেডার্স’-এ বিক্রয়যোগ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ‘মেসার্স উজ্জ্বল স্টোর’-এ নকল এবং সরকারিভাবে নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে সহযোগিতা করেন সহকারী আমিনুল ইসলাম।
অভিযানকালে বাজার কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ডা. গাজী খায়রুজ্জামান এবং পুলিশের একটি বিশেষ টিম।
অভিযান শেষে বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ীদের সতর্ক করে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন এ অভিযান চলমান থাকতে পারে বলেও তিনি ব্যবসায়ী ও বাজার কমিটিকে সতর্ক করেন।
অসাধু পন্থায় ব্যবসা পরিচালনা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।