ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে: ভূমি উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:   

অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোটে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভোটের মাঠে কোনো ধরনের পক্ষপাত বা অনিয়মের সুযোগ না থাকে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয়ভাবেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট উপলক্ষে আয়োজিত ‘ভোটের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ি বা সুপার ক্যারাভান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সব আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশজুড়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলী ইমাম মজুমদার বলেন, ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকারের পক্ষ থেকে নেওয়া এই কার্যক্রম ভোটারদের উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জনগণকে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বিশেষ করে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অনেক নাগরিক আছেন, যারা এখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। এই গণতান্ত্রিক শূন্যতার অবসান ঘটাতেই অন্তর্বর্তী সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, এই ‘বন্ধ্যাত্ব’ দূর করার জন্য সরকার আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছে এবং জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার পথ নির্ধারণ করতে চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান ও সাইফুল মালিক। এছাড়া কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *