মদনগঞ্জ গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড: বন্দরসহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন, চরম ভোগান্তির আশঙ্কা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বন্দর, কলাগাছিয়া, সাবদিসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন অবস্থায় আছে। শুক্রবার রাত ৮:৩০ মিনিট থেকে এই এলাকাগুলোতে বিদ্যুৎ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে মদনগঞ্জ গ্রিড উপকেন্দরের ১৩২ কেভি সাইডের কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণের কারণে। আগুনে দুটি মূল ট্রান্সফরমার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে উপকেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গ্রিডটি দ্রুত মেরামতের কাজ চলছে। তবে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব করতে বিকল্প ব্যবস্থার আওতায় সোনারগাঁও গ্রিড থেকে সীমিত পরিমাণ বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। এই পদ্ধতিতে রেশনিং বা লোডশেডিংয়ের মাধ্যমে কিছু এলাকায় বিদ্যুৎ দেওয়া হলেও চাহিদার তুলনায় সরবরাহ সীমিত থাকায় অধিকাংশ সময়ই লোডশেডিং অব্যাহত থাকবে।

প্রকৌশলীরা জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *