মোঃ আনজার শাহ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকাল ৪টায় রাজধানীর রমনায় আইইবি সদর দফতর প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি; নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের প্রকৌশল পেশার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি প্রকৌশল খাতের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরেন এবং এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, রমজান মাস শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধি, পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধির মাসও। সেই চেতনাকে ধারণ করেই আইইবি প্রতি বছর এই আয়োজন করে আসছে বলে তাঁরা উল্লেখ করেন।
আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) তাঁর বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সর্বদা দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানকে সুসংহত ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ। রমজানের এই পুণ্যময় মাসে সকল প্রকৌশলী ও তাঁদের পরিবারের জন্য দোয়া করা হয়।
মাহফিল শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের নিয়ে যৌথভাবে ইফতার করা হয়। ইফতার পর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী সংগঠনের নেতৃবৃন্দ এবং আইইবি’র কেন্দ্রীয় ও ঢাকা কেন্দ্রের সদস্যরা একসঙ্গে অংশ নেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ মন্ত্রীর একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন কল্লোল ও বজলুর রাশেদ।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের সর্বোচ্চ পেশাদার সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পবিত্র রমজান মাসে এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ও ধর্মীয় চেতনাকে আরও সুদৃঢ় করার প্রয়াস অব্যাহত রেখেছে।