স্বাধীন স্পোর্টস ডেস্ক:
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক যুক্ত হলো। দেশের ক্রিকেটে প্রথমবারের মতো শততম টেস্ট খেলতে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডসে অভিষেকের পর দুই দশক পেরিয়ে আজ তিনি দাঁড়িয়েছেন এমন এক অর্জনের সামনে, যা আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের ভাগ্যে জোটেনি।
এই বিশেষ দিনে মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘদিনের সতীর্থকে স্মরণ করে সাকিব লিখেছেন, লর্ডসে মুশফিকের প্রথম টেস্ট খেলার দিনটিও তার এখনো মনে আছে। বিকেএসপি’র রিক্রিয়েশন রুমে বসে প্রতিটি বল দেখেছিলেন তিনি। সেই সময় থেকেই মুশফিক তাকে এবং দেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন বলে জানান সাকিব।
পোস্টে সাকিব আরও লিখেছেন, এত বছর ধরে মুশফিক সবসময় নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন। বয়সভিত্তিক দলগুলোতে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই সাকিব তাকে নিজের ‘ক্যাপ্টেন’ মনে করেন। যতদিন তিনি ক্রিকেট খেলবেন, মুশফিকই তার কাছে ‘ক্যাপ্টেন’ হিসেবে থাকবেন বলেও উল্লেখ করেন।
দীর্ঘ স্ট্যাটাসে সাকিব মুশফিকের শততম টেস্ট উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, যেমন প্রথম টেস্টের প্রতিটি বল লক্ষ্য করেছিলেন, তেমনি শততম টেস্টের প্রতিটি বলও তিনি দেখবেন। পাশাপাশি আশা প্রকাশ করেন, মুশফিক যেন এই ম্যাচটি পুরোপুরি উপভোগ করতে পারেন।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২০ বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুশফিক আজ পা রেখেছেন ১০০তম টেস্টের মাইলফলকে। টেস্টে নিয়মিত খেলে বছরে গড়ে প্রায় পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে ৩৮ বছর বয়সী মুশফিক ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে এখন পুরোপুরি মনোযোগ দিয়েছেন টেস্ট ক্রিকেটে।
শততম টেস্ট খেলার এই অর্জন ব্যক্তিগতভাবে যেমন একটি বড় মাইলফলক, তেমনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এটি এক স্মরণীয় মুহূর্ত।