মোবাইল ফোন নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ভোটের দিন মোবাইল ফোন সঙ্গে নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে অবশেষে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে সাংবাদিকদের প্রবেশে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা পুনর্বিবেচনা করা হচ্ছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক অবস্থানে রয়েছে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে বলা হয়, নির্ধারিত কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুই (০২) জন আনসার সদস্য মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

চিঠিতে আরও বলা হয়, এসব নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে চিঠিটি পাঠানো হয়েছে।

এই সিদ্ধান্ত প্রকাশের পর সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিক নেতারা জানান, ভোটকেন্দ্রে মোবাইল ফোন ছাড়া সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও তাৎক্ষণিক প্রতিবেদন পাঠানো কার্যত অসম্ভব। ফলে এ ধরনের নিষেধাজ্ঞা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ প্রেক্ষাপটে সোমবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের আশ্বাসে সাংবাদিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিশ্চিত করাও নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *