মোল্লাহাটে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক। তিনি উপজেলার একটি এতিম মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর মোল্লাহাট উপজেলার একটি এতিম মাদ্রাসা প্রাঙ্গণে এ খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। খাবার পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

খাবার বিতরণকালে ওসি কাজী রমজানুল হক বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে চাই।”

স্থানীয় বাসিন্দারা ওসি কাজী রমজানুল হকের এই উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেছেন। তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তার এমন মানবিক ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা বাড়ায়।

এলাকাবাসীর মতে, এ ধরনের কার্যক্রম শুধু এতিম ও গরিব শিক্ষার্থীদের সহায়তা করেই ক্ষান্ত নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও ওসি কাজী রমজানুল হকের মতো সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *