মোল্লাহাটে যুবককে গুলি করে হত্যার চেষ্টা, গুরুতর আহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কাহালপুর এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথে কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি বিদ্ধ হন। এতে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত নুর ইসলামের কানের পেছনে ও মাথার নিচের অংশসহ শরীরের বিভিন্ন স্থানে মোট তিনটি জখম রয়েছে। এছাড়া সড়কে ছিটকে পড়ার কারণে তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, নুর ইসলাম মোল্লাহাট বাজারে জামায়াত নেতা ইয়াছিনের একটি হার্ডওয়্যার দোকানে চাকরি করেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। তবে কারা বা কেন এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। নুর ইসলামের জ্ঞান ফিরলে বিষয়টি পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। হামলার কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *