নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অনুমোদিত নকশা ও নির্মাণবিধি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। আসমা আলী পাম্পের পেছনে ‘মহসিন টাওয়ার’ নামে একটি ভবন গড়ে তুলছেন মোঃ মহসিন—এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, ভবনটির চারপাশে ন্যূনতম খালি জায়গা না রেখেই পুরো প্লটজুড়ে নির্মাণকাজ চালানো হচ্ছে, যা রাজউক-এর নির্মাণবিধির পরিপন্থী। নগর পরিকল্পনা অনুযায়ী ভবনের চারপাশে নির্দিষ্ট পরিমাণ খোলা স্থান রাখা বাধ্যতামূলক হলেও তা মানা হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। এতে ভবিষ্যতে অগ্নিকাণ্ড, ভূমিকম্প কিংবা অন্যান্য জরুরি পরিস্থিতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দিন-রাত কাজ চলছে, কিন্তু কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা নেই। পুরো জায়গা দখল করে ভবন তোলা হচ্ছে। এতে আমাদের বাসাবাড়িতে আলো-বাতাস কমে যাচ্ছে, পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে মোঃ মহসিনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে রাজউক জোন ৬/২-এর অথরাইজড কর্মকর্তা জান্নাতুল মাওয়া বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ঘুষের বিনিময়ে এমন অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন। তাদের দাবি, যথাযথ তদারকি না থাকায় নিয়ম ভেঙে ভবন নির্মাণ যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, এ ধরনের অনিয়ন্ত্রিত নির্মাণ শুধু একটি ভবনের সমস্যা নয়, বরং পুরো এলাকার পরিবেশ ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারা বলছেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে হলে নির্মাণবিধি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই।
এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণকাজে নিয়মনীতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।