আবু সায়েদ:
লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ রিকশা ভাড়া নিয়ে দুই চালকের মধ্যে সৃষ্টি হওয়া বিরোধ মীমাংসা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন যুবদল নেতা মো. বিল্লাল মিশরী (৪৫)। তিনি উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি তরমুজের আড়তে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশার ভাড়া নিয়ে দুই চালকের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন স্থানীয় যুবদল নেতা বিল্লাল মিশরী। এ সময় অভিযুক্ত রিকশাচালক রহমান (৩৫) উত্তেজিত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হয়ে বিল্লাল মিশরী মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত বিল্লাল মিশরীর মৃত্যুর খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।