লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান

আবু সায়েদ:

রায়পুর উপজেলায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্তে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার (১ মার্চ ২০২৬) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বেশ কিছু দোকানি তাদের পণ্যসামগ্রী দোকানের বাইরে ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। তিনি জানান, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, নিয়মিত তদারকি থাকলে ফুটপাত দখলের প্রবণতা অনেকাংশে কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *