লক্ষ্মীপুরে পাচারের সময় বিএডিসির ৩০০ বস্তা সার জব্দ

আবু সাহেদ:

লক্ষ্মীপুরে অবৈধভাবে পাচারের সময় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মজুচৌধুরীরহাট ফেরিঘাট রুট ব্যবহার করে ভোলা ও বরিশাল জেলায় অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সার পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত লোহার ট্রলারে থাকা ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়।

অভিযানকালে পাচারকারী চক্রের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ জানান, কৃষকের অধিকার সুরক্ষা ও সারের অবৈধ পাচার রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সার পাচার প্রতিরোধে কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় কৃষকদের দাবি, অবৈধ পাচারের কারণে অনেক সময় তারা সঠিক সময়ে সার পান না। প্রশাসনের এ উদ্যোগে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *