আবু সায়েদ:
সড়কে শৃঙ্খলা ফেরাতে ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সদর উপজেলার বাগবাড়ীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার (সিনিয়র সহকারী কমিশনার) এবং সাজিদা আক্তার সূচনা (সহকারী কমিশনার)।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ’র সদস্যরা। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।