মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজার সদর থানাধীন পৌরসভার লাইট হাউজ পাড়ায় গত ২৬ মার্চ ভোরে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী আসামিদের শনাক্তে অভিযান জোরদার করে।
পুলিশ সূত্র জানায়, ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান শুরু করা হয়। এর ধারাবাহিকতায় ২৯ মার্চ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন লাবণী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে সংশ্লিষ্ট চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যায় বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন খায়রুল আমিন প্রকাশ মুন্না (২৯)। তার পিতার নাম আবুল বশর এবং মাতার নাম আরেফা বেগম। তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, তিনি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, ছিনতাই, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে আটক অপর আসামি আব্দুর শুক্কুর (২৫)। তিনি কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধেও ডাকাতির প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, পর্যটন নগরী কক্সবাজারে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।