কামরুল ইসলাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের সেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
জানা গেছে, মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। তারা স্বপরিবারে ওমরাহ হজ পালন শেষে বাড়ি ফিরছিলেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।