কামরুল ইসলাম:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ মাটি কাটা ও ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ধরনের উদ্যোগকে অনুসরণ করে লোহাগাড়া উপজেলাতেও অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।
জানা যায়, চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫টি ইটভাটার মালিককে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিটি ইটভাটাকে ৪ লাখ টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
অভিযানে জরিমানা হওয়া ইটভাটাগুলো হলো—
মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুঃ (PBM), মালিক নেওয়াজ রশিদ;
মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB), মালিক মোঃ সোলাইমান;
মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL), মালিক আলী আজম;
মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুঃ (NBM), মালিক দিদারুল হক;
মেসার্স চৌধুরী ব্রিকস (MAA), মালিক নাজিম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চন্দনাইশে এমন অভিযান পরিচালিত হওয়ায় লোহাগাড়ার সচেতন মহলও একই ধরনের উদ্যোগের দাবি জানিয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, লোহাগাড়া উপজেলার ফসলি জমি ও পাহাড় রক্ষা করতে হলে অবৈধ মাটি খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা জরুরি। শুধু অর্থদণ্ড নয়, কঠোর শাস্তি হিসেবে কারাদণ্ডও নিশ্চিত করতে হবে বলে তারা মত দেন।
এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে অবৈধ মাটি কাটা বন্ধ হবে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষা পাবে।