মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু খাদ্য উৎপাদনে অনিয়মের দায়ে ‘লাবনী ফুড প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি শিশুদের জন্য উৎপাদিত জনপ্রিয় খাদ্যপণ্য ‘এডিবল জেল’ (Edible Gel) প্রস্তুত ও বাজারজাত করছিল। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, উৎপাদিত পণ্যের মোড়কে কোনো উৎপাদনের তারিখ (MFG) ও মেয়াদোত্তীর্ণের তারিখ (EXP) উল্লেখ নেই। মেয়াদ ও তারিখবিহীন এ ধরনের খাদ্যপণ্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের সঠিক তথ্য উল্লেখ না করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে লাবনী ফুড প্রোডাক্টকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম এবং র্যাব-১১-এর সদস্যরা। তারা সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
অভিযান শেষে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারমূলক বিষয়। বাজারে মানহীন, ভেজাল বা তথ্যবিহীন পণ্য সরবরাহ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভোক্তাদেরও পণ্য ক্রয়ের আগে মোড়কের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীরা সতর্ক হবে এবং বাজারে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে সচেতন মহল সন্তোষ
প্রকাশ করেছে।