সংবাদ সম্মেলনে গৃহবধূর অভিযোগ, প্রতিপক্ষরা ৭ বছর ধরে নির্যাতন করে আসছে, এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে

আমির হোসেন:

প্রতিপক্ষরা দীর্ঘ সাত বছর ধরে নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। এমনকি তাঁরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান ভুক্তভোগী নারী।

রবিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শাহাজাদী রেকসনা নামের ওই গৃহবধূ। তিনি নলছিটি শহরের পূর্ব মালিপুর বিআইপি সড়কের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার পৈত্রিক জমিতে একটি টিনসেড ঘর রয়েছে, যা তিনি ২০০৪ সাল থেকে ভাড়া দিয়ে আসছেন। স্বামীর চাকরির সুবাদে তিনি ঢাকায় বসবাস করেন।

তিনি আরও জানান, তাদের পেছনের জমির একটি অংশ তার বোনের কাছ থেকে কিনে নেন মোহাম্মদ আলী তালুকদার নামের এক ব্যক্তি। পরবর্তীতে ২০১৯ সালে তিনি ওই জমিতে একটি ভবন নির্মাণ শুরু করেন। ওই সময় শাহাজাদী রেকসনা বাড়িতে না থাকার সুযোগে মোহাম্মদ আলী তালুকদার, তার ছেলে রুবেল তালুকদার ও রেদোয়ান তালুকদার টিনসেড ঘরটির একাংশ ভাঙচুর করেন বলেও অভিযোগ করা হয়।

তার অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষরা তার জমির ভেতরেই ভবন নির্মাণ শুরু করে এবং এর প্রতিবাদ করায় ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি ঢাকা থেকে বাড়িতে এসে বাধা দিলে জমি বিক্রির জন্য চাপ সৃষ্টি করা হয় এবং বিক্রি না করলে দখলের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে তিনি ঝালকাঠির আদালতে মামলা করলে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তীতে স্থানীয়দের অনুরোধে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় এবং জমি মেপে দুই পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।

তবে এরপরও মোহাম্মদ আলী ও তার ছেলেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় আদালতের নির্দেশনা ও সালিশ বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে ভবনের একতলা নির্মাণ সম্পন্ন করেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আবারও দ্বিতীয় তলার কাজ শুরু করা হলে তিনি বাধা দেন এবং আদালত থেকে পুনরায় ১৪৪ ধারা জারি করা হয়। এরপরও তারা রাতের আঁধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এছাড়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, “সাত বছর ধরে প্রতিপক্ষরা আমাকে নানাভাবে নির্যাতন করে আসছে। এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে। জোরপূর্বক আমাদের জমিতে ভবন নির্মাণ করছে। তারা কোনো আইন-কানুন মানছে না।”

তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে নিজের জমি উদ্ধার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইয়ের ছেলে মেহেদী হাসান শাওন। এ সময় উপস্থিত ছিলেন ভাইয়ের ছেলে ইমরান এবং ভাড়াটিয়া শায়লা।

অন্যদিকে অভিযুক্ত রুবেল তালুকদার বলেন, “আমরা তাদের কাছ থেকে জমি কিনে ভবন নির্মাণ করছি। এখন জমি কিনে কি আমরা অপরাধ করছি? তারা প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে দলিল নিয়ে বসুক। আমরা রাজি আছি। যা সঠিক হবে আমরা মেনে নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *