সন্দ্বীপে পুকুরের মাছ লুটের অভিযোগ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নেওয়া ও বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক মাছচাষি।

অভিযোগকারী আব্দুল আজিছ (৬২), পিতা—মৃত নুরুল হক। তিনি সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের রাজের গো বাড়ীর বাসিন্দা। পেশায় তিনি একজন মাছচাষি এবং মগধরা ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডে অবস্থিত দুটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার প্রতিবেশী মোঃ শাহেদ (৩৫), পিতা—মোঃ সফিক, আনোয়ার (৫৩), পিতা—মৃত মোঃ মোতাচ্ছের এবং মোঃ সজিব (২৮), পিতা—মোঃ সফিকসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে আসছে। এসব পুকুর গুপ্তছড়া রোড সংলগ্ন এলাকায় অবস্থিত।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা এলাকায় উশৃঙ্খল প্রকৃতির এবং বিভিন্ন সময় স্থানীয় লোকজনের সঙ্গে ঝামেলায় জড়ায়। তিনি পুকুরের পাশে না থাকলে সুযোগ বুঝে তারা মাছ ধরে নিয়ে যায়। বিষয়টি জানতে চাইলে তারা তাকে গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা করে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

আব্দুল আজিছের দাবি, অভিযুক্তরা এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মাছ জোরপূর্বক নিয়ে গেছে। সর্বশেষ গত ১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে অভিযুক্তরা কয়েকজন জেলে ও অজ্ঞাতনামা লোকজন নিয়ে জাল ফেলে তার পুকুর থেকে মাছ ধরতে থাকে। এ সময় তিনি ঘটনাটি ভিডিও করেন এবং বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা করে।

তিনি জানান, তার চিৎকারে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়। অভিযুক্তদের কারণে নিজের এবং পরিবারের জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকায় তিনি আইনগত প্রতিকার চেয়ে সন্দ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *