সম্প্রীতির বাংলাদেশ গড়তে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ছাত্রদল নেতা ইজাজের সংহতি বার্তা

নাবিন আহমেদ:

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ এক বিশেষ বার্তার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশ করেছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সনাতন ধর্মাবলম্বীদের সাহসী ভূমিকা এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের অবিচল আস্থার প্রশংসা করে তিনি এই বার্তা প্রদান করেন।

বার্তায় ইজাজ উল্লেখ করেন, “রাজাকারদের লাল কার্ড দেখিয়ে” সনাতন ধর্মাবলম্বীরা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এই দৃঢ় অবস্থান এবং সমর্থন ধানের শীষের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করেছে। তিনি বিশ্বাস করেন, এই ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই দেশে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।

ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ছাত্রদল নেতা বলেন, “আমরা অচিরেই এমন এক রাষ্ট্র গড়ে তুলব যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত থাকবে।” তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার দুঃসাহস দেখাবে না এবং দীপু দাসের মতো মর্মান্তিক মৃত্যু কিংবা মন্দির-মসজিদে অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা আর ঘটবে না।

বক্তব্যের শেষে তিনি শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে সবাইকে সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জঙ্গিবাদের অভিশাপমুক্ত একটি সুখী-সমৃদ্ধ দেশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। তার ভাষায়, আগামীর বাংলাদেশের মূল মন্ত্র হবে— “সবার আগে বাংলাদেশ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *