আবদুল আজিজ:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহায় অগ্নিকান্ডের ঘটনায় ২টি গরুসহ ২টি বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে পবিত্র কোরআন শরীফ অক্ষত থাকলেও, দুই পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯ ফেব্রুয়ারি সোমবার দুপরে পৌনে ৩টার দিকে ১৫নং ছদাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ ছদাহা, মোহাম্মদ হোসেন পাড়ায় নুরুল ইসলামের ছেলে হারুনুর রশিদ এবং মমতাজের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন প্রথমে বাড়ির ভেতর থেকে উর্ধ্বমুখী লেলিহান শিখার আকারে দেখা দেয়। নারীরা ঘরে থাকা অবস্থায় আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। তবে এক ঘন্টার মধ্যেই আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ে এবং দুইটি গরুসহ দুইটি বাড়ি পুড়ে নিঃস্ব হয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় মহিউদ্দিন নামের এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী এসে আশপাশের বাড়িগুলো রক্ষা করেন।
ক্ষতিগ্রস্তরা জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়েছে। হারুনুর রশিদ এবং মমতাজের পরিবার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান।
এ বিষয়ে সাতকানিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শুরু হয়েছে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা।