সাতকানিয়ায় অভিযান চালিয়ে মোমেন নামের এক মাটিখেকোকে ৫ লাখ টাকা অর্থদণ্ড!

স্টাফ রিপোর্টার:

সোমবার (৩০ মার্চ) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাত আনুমানিক ২টার দিকে ১০নং কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড তেমুহনি এলাকার পশ্চিমে পাঠানিপুল সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

এ সময় দণ্ডপ্রাপ্ত আব্দুল মোমেন (আনুমানিক ৪০) নামের ব্যক্তি সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড ছিটুয়া পাড়ার বাসিন্দা মোঃ জাকারিয়ার ছেলে।

খবর সূত্রে জানা যায়, গভীর রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে পুলিশের দুটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হলে তৎক্ষণাৎ তার নির্দেশনা অনুযায়ী আব্দুল মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে দুটি স্কেভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে গেলেও অভিযান পরিচালনা টিম সেগুলো বিকল করে দেয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের খবরটি স্থানীয় জনগণের কাছে ছড়িয়ে পড়ায় অত্র এলাকার বাসিন্দারা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *