সাতকানিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা হলরুমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে নূর আহমদ কোরআন তেলাওয়াত করেন এবং শিউলি দাশ গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় অংশ সম্পন্ন করেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদু রহিমের সঞ্চালনায় ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঞ্চনা এন. এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ শাহ আলম, সহ-সভাপতি নাছির উদ্দিন এবং সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ। বক্তব্য রাখেন সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তা সুদীপ্ত রেজা জয়ন্তও।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্যে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলা ভূমি অফিসকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। শুনানির সময় লুঙ্গি পরিহিত দিনমজুর কিংবা সাধারণ মানুষ যারা আসেন, তাদের প্রতি বিশেষ নজর রাখেন যাতে তারা যথাযথ ন্যায়বিচার পান।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রায় এক মাস ২০ দিন ধরে তিনি দুর্নীতির বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে এসি বন্ধ রাখা হয়েছে, জানালা খোলা রাখা হয়েছে এবং বাম পাশের জানালার পর্দাও সরিয়ে রাখা হয়েছে—যাতে সেবা নিতে আসা মানুষজন অফিসের কর্মকাণ্ড নিজ চোখে দেখতে ও শুনতে পারেন। তাঁর বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, দুর্নীতি প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন; একা কারও পক্ষে এ যুদ্ধ সম্ভব নয়। সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এভাবে বক্তব্য ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *