সাতকানিয়ায় গভীর রাতে মাটি খেকোদের আস্তানায় প্রশাসনের হানা, দুই জনকে আটক করে নগদ অর্থ দন্ড

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটির টপ সয়েল কাটার বিরুদ্ধে মধ্যরাতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা কেরানীহাট উত্তর ১০নং কেঁওচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নয়াখাল/পাঁঠানীপুল এলাকায় এ অভিযান শুরু হয়।

এ অভিযানে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং আনসার সদস্যরা।

অভিযান চলাকালে মাটি কাটায় ব্যবহৃত ৭টি এস্কেভেটর বিকল করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত ১টি ডাম্পার গাড়ি ও মাটি কাটায় ব্যবহৃত ১টি এস্কেভেটর জব্দ করা হয়।

অদ্য রাত ০৩:৩০ টায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে কেরানীহাট সাতকানিয়া রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তাদের মোবাইল ফোন তল্লাশি করে দেখা যায়, তারা মোবাইল কোর্ট অভিযানের খবর মাটি খেকোদের কাছে পৌঁছে দেয়ার জন্য তথ্যদাতা (ইনফরমার) হিসেবে কাজ করছিলেন।

এর প্রেক্ষিতে এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত করে প্রত্যেককে ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান জানান, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি জনস্বার্থবিরোধী কাজ। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *