সাতকানিয়ায় রাতের আঁধারে মাটি খেকোদের তাণ্ডব: ডাম্পারের চাপায় সাজ্জাদ হোসেন রোহান নিহত

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের সময় ডাম্পারের চাপায় সাজ্জাদ হোসেন রোহান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরিচ্চা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন রোহান উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদ বাড়ির মোঃ ফোরকানের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিল মাটিখেকোরা। সময় প্রশাসনের অভিযানের খবর টের পেয়ে মাটি পাচারকারীরা ডাম্পার বা ট্রাক নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এই সময় মাটি বোঝাই একটি ডাম্পার সাজ্জাদ হোসেন রোহানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তার সহযোগীরা রোহানকে উদ্ধার করে দ্রুতগতিতে কেরানীহাট আশশেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ মার্চ) ভোরে রোহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের পিতা মোঃ ফোরকান জানান, “আমার ছেলে মাটি ব্যবসায়ীদের কাছে চাকরি করতেন। প্রশাসনের অভিযানের খবর টের পেয়ে চালকরা ডাম্পার ট্রাক নিয়ে পালানোর সময় অসাবধানতাবশত একটি ট্রাকের চাপায় তার মর্মান্তিক মৃত্যু হয়।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ডাম্পার ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে আমরা নলুয়া ইউনিয়নে মাটি কাটার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করিনি। রাতে পুলিশের টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিয়েছিল।”

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, “শুক্রবার রাতে আমরা মাটি কেটার বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করিনি। কেরানীহাট এলাকায় কিশোর গ্যাং সংক্রান্ত অভিযান করেছি, নলুয়া ইউনিয়নে আমাদের কোনো টিম যায়নি।”

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, “শুক্রবার রাতে আমরা কোনো অভিযানে যাইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *