আব্দুর রশিদ:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়া গ্রামে মৃত ইসমাইল সরদারের কন্যা আয়মান বিবি (৫৫) ও তার ভাই মোক্তাজুল (৫০)-এর বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়—শিমুলবাড়ীয়া গ্রামের মোক্তাজুল সরদার ও তার বোন আয়মান তাদের পৈতৃক জমিতে দীর্ঘদিন যাবত ভোগদখল করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। পার্শ্ববর্তী সিরাজুল খাঁ দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কয়েক দফা বসাবসি করেও মেম্বার ও চেয়ারম্যান কোনো ফয়সালায় আসতে পারেননি।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউসুফ সরদার ও চেয়ারম্যান মোঃ লূতফর রহমান বলেন—শিমুলবাড়ীয়া মৌজায় ১৩১ নম্বর খতিয়ানে ৪০৪, ৪০৮ নম্বর দাগে মোট জমির পরিমাণ ১১০ শতক। উক্ত খতিয়ানের ওয়ারেশ সূত্রে ৫৫ শতক জমি প্রাপ্ত হয়ে মোক্তাজুল ও আয়মান বিবি বসবাস করে আসছেন। অপর শরিকের নিকট থেকে সিরাজুল খাঁ জমি ক্রয় করে মোক্তাজুল ও আয়মানের বসতবাড়ির মধ্যে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। চেয়ারম্যান লূতফর রহমান আরও বলেন—আমি সালিশ করে দিলেও সিরাজুল খাঁ তা মানতে নারাজ।
এ ব্যাপারে মোক্তাজুল জানান—তার স্ত্রী ফজিলা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা (সদর) জজকোর্টে সিরাজুল খাঁকে বিবাদী করে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৪৬৮/২২, তারিখ ১৩/১২/২০২২; মামলা নম্বর ২৮৮/২৩, তারিখ ০৭/০৪/২০২৩; মামলা নম্বর ৫৯/২৪, তারিখ ১৪/০১/২০২৪; মামলা নম্বর ১৪/২৬, তারিখ ০৩/০৩/২০২৬।
আদালতের ১৫০ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ৩১/০৩/২০২৬ তারিখে বুধবার মোক্তাজুল বাড়িতে না থাকার সুযোগে সিরাজুল খাঁ ১০-১২ জন লোক নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোক্তাজুল ও তার বোন আয়মানের বসতঘর ভাঙচুর করে এবং খুন-জখমের হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্কগ্রস্ত ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সচেতন এলাকাবাসী দ্রুত সিরাজুল খাঁ ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন।