এমপি মান্নান ও অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকদের মধ্যে ঘাট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জহির ঘাট দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা বিরাজ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতা রিপন সরকার এবং কুতুবপুর ইউনিয়নের ডালিমের নেতৃত্বে রাজু, তুষার ও ছাত্রদল নেতা কাদেরসহ একটি দল জহির ঘাট দখলকে কেন্দ্র করে অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকদের ওপর হামলা চালায়।

জানা যায়, জহির ঘাটটির ইজারার মেয়াদ শেষ হয় ২৫ ফেব্রুয়ারি। পরবর্তীতে ইজারাদারের কাছ থেকে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে এক মাসের জন্য লিখিতভাবে দায়িত্ব গ্রহণ করা হয়। তবে অভিযোগ উঠেছে, সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সমর্থকরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদন ছাড়া ঘাটটি দখল করেন।

পরবর্তীতে গত ১০ মার্চ ইজারাদারের কাছ থেকে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ভাই রাসেল মাহমুদ লিখিতভাবে ঘাটটির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ঘাটে গেলে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন সরকার ও ডালিমের নেতৃত্বে রাজু, তুষার ও ছাত্রদল নেতা কাদেরসহ তাদের অনুসারীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঘাটটি নিয়ে বিরোধ চলছিল।

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *