মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ স্বামী–স্ত্রীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ০৫/০৯/২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ০৪.১০ ঘটিকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিরস্ত্র) মোঃ আতাউর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম, এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফ উজ্জামান ও এএসআই (নিরস্ত্র) মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি টু মৌচাক বোতল ফ্যাক্টরি রোডে অবস্থিত জনৈক নাদিম আহমেদের বাড়ির ভাড়াটিয়া মোঃ মনিরুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভাড়াটিয়া দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ মনিরুল ইসলাম (৩৭), পিতা– মোঃ মজিবুর রহমান, মাতা– পারুল বেগম
২। নুপুর বেগম (৩৫), স্বামী– মোঃ মনিরুল ইসলাম, পিতা– মোঃ মনিরুজ্জামান, মাতা– রোকেয়া বেগম
উভয়ের স্থায়ী ঠিকানা গ্রাম– শংকরপাশা, থানা– নলছিটি, জেলা– পটুয়াখালী এবং বর্তমান ঠিকানা মৌচাক বোতল ফ্যাক্টরি গলি, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ১০,১০০ (দশ হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তাদের সঙ্গে একই থানাধীন সাহেবপাড়া সাকিনস্থ নার্সারি গলিতে জনৈক আবু তাহেরের বাড়ির ৩য় তলার ভাড়াটিয়া মোঃ রাসেল গাজী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উক্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সে।
পলাতক আসামির পরিচয়—
মোঃ রাসেল গাজী (৩৮), পিতা– মীর হোসেন গাজী, মাতা– নূরজাহান বেগম, স্ত্রী– শিউলী বেগম; স্থায়ী ঠিকানা দশমিনা থানা, জেলা পটুয়াখালী।
পলাতক রাসেল গাজীর স্ত্রী শিউলী বেগম পুলিশের কাছে স্বীকার করেন, তার স্বামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এর আগেও তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত দুইটি মামলা রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিক্রির নগদ ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।