সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের ১৭ মাস বয়সী শিশু মালিহা হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। শিশুটির মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সূত্রে জানা যায়, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শ্যামলী শিশু হাসপাতাল এ স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে হাম রোগ শনাক্ত করেন এবং তাকে সিসিইউতে রেখে নিবিড় চিকিৎসা প্রদান করা হয়। দীর্ঘদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর অবশেষে রোববার (১২ এপ্রিল) সকালে শিশুটির মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

নিহত শিশুটির ফুপি এবং উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি বলেন, “মালিহা আমার বড় ভাইয়ের মেয়ে। আমরা চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না।”

এদিকে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, হাম একটি প্রতিরোধযোগ্য কিন্তু অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি ছাড়া এ ধরনের মৃত্যুর ঝুঁকি রোধ করা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *