মোঃ ফেরদৌস হোসেন :
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ একটি পিকআপ ও তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার ভোরে কড্ডার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সতর্কতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে অবিচল প্রতিশ্রুতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)–এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে সদর সার্কেল ও সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে জানা যায়, কড্ডার মোড়ের পাকা সড়কে একটি পিকআপ মাদক নিয়ে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পিকআপটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে তাড়িয়ে সেটি আটক করা হয়।
পিকআপটি তল্লাশি করে আট পোটলা শুকনা গাঁজা পাওয়া যায়, যার মোট ওজন ৪৩ কেজি। একই সঙ্গে পিকআপসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন—
১. মোঃ মাসুদ রানা (২৭), ড্রাইভার, সাং—নয়াবাড়ি, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
২. মোঃ মামুন মিয়া (২৬), হেলপার, সাং—বানিয়াটারী, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
৩. মোঃ রেজাউল করিম (৪০), মাদকদ্রব্যের মালিক, সাং—চন্দনগাতী মৌলভীপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে মাঠ পর্যায়ে তাদের অভিযান অব্যাহত থাকবে।