সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী (রঃ)–এর ৭২তম ওরশ মোবারক শুরু

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের শীতলক্ষ্যা পাওয়ার হাউস সংলগ্ন বোগদাদী নগরে শুরু হয়েছে সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী (রঃ)–এর ৭২তম তিন দিনব্যাপী বাৎসরিক ওরশ মোবারক। প্রতি বছর ১ ফাল্গুন থেকে ৮ ফাল্গুন পর্যন্ত সপ্তাহব্যাপী এ ওরশ অনুষ্ঠিত হলেও আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে এবার আয়োজন সংক্ষিপ্ত করে তিন দিনে সীমিত রাখা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১লা ফাল্গুন দুপুর ১২টা ০১ মিনিটে পবিত্র গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরশের আনুষ্ঠানিক সূচনা হয়। গিলাফ চড়ানো শেষে দরবার প্রাঙ্গণে উপস্থিত ভক্তদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাদ এশা অনুষ্ঠিত হয় ওয়াজ ও মিলাদ মাহফিল, যেখানে স্থানীয় ওলামায়ে কেরাম ধর্মীয় আলোচনা পেশ করেন এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ওরশের দ্বিতীয় দিন রোববার (১৫ ফেব্রুয়ারি) বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই দিন রাত ১০টায় অনুষ্ঠিত হবে আধ্যাত্মিক সামা কাওয়ালী, যা প্রতি বছরই ভক্তদের অন্যতম আকর্ষণ হয়ে থাকে। কাওয়ালীর মাধ্যমে আল্লাহ ও রাসুল (সা.)–এর প্রশংসা এবং আধ্যাত্মিক বাণী পরিবেশন করা হবে। তৃতীয় ও শেষ দিন সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ এশা আখেরী মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ওরশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ওরশ উপলক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। আগত আশেকান ও ভক্তদের জন্য বসার সুব্যবস্থা, অজুখানা ও পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ প্রতিবছর এ ওরশে অংশ নেন। ওরশের দিনগুলোতে ধর্মীয় আলোচনা, কুরআন তিলাওয়াত, মিলাদ, জিকির-আযকার ও কাওয়ালীর মাধ্যমে পুরো এলাকা এক আধ্যাত্মিক আবহে পরিণত হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ওরশ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার ঐতিহ্য ও আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ।

গদিনীশিন খাদেমুল গোলাম মোহাম্মদ হোসাইন হ্যাপী বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ওরশ পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রমজান ঘনিয়ে আসায় সময়সংকট বিবেচনায় তিন দিনব্যাপী কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, ভক্তরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানে অংশ নেবেন এবং দরবার শরীফের আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।

তিনি আরও জানান, এ বরকতময় ওরশ শরীফে সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কাম্য। ধর্মপ্রাণ মুসল্লিদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই মিলনমেলা আমাদের ঈমানি চেতনা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।”

সার্বিক সহযোগিতায় রয়েছে কাশ্মি ফাউন্ডেশন। ওরশটি সাবেক বাটা কোম্পানি মাঠ, বর্তমান পাওয়ার হাউস সংলগ্ন এলাকা, বোগদাদী নগর, শীতলক্ষ্যা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *