সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় আধিপত্য বিস্তার ও স্থানীয় একটি কোম্পানির কাজের দখল নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। রাতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় আব্দুল জলিলের অনুসারীরা আব্দুর রউফের বাড়িতে হামলা চালায়। পরে আব্দুর রউফের পক্ষের লোকজন পাল্টা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। এখনো কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *