হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন ৩২,১০৬ জন উপকারভোগী নানা প্রকার ভাতা ও সহায়তা পাচ্ছেন। মোট ২৮ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকার এই সুবিধা সরাসরি সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে জাতীয় সমাজসেবা দিবস উদযাপনের মধ্যে দিয়ে এই তথ্য ঘোষণা করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবসময়ই সুবিধাভোগীদের সঠিকভাবে সেবা পৌঁছে দেওয়া। ‘আত্ম-অনুসন্ধান’ এই শ্লোগানকে সামনে রেখে আমরা সমাজসেবা দিবস উদযাপন করছি।”
সকালে একটি র্যালি বের করা হয়, যার মধ্যে স্থানীয় স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে ই-সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বনফুল সংঘের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ আরও অনেকে।
সভায় বিস্তারিত তথ্য তুলে ধরে জানানো হয়, উপজেলার ১৬,৭৪৭ জন মানুষ ভাতা পাচ্ছেন ভিক্ষুক ও দুস্থদের জন্য। বিধবা ভাতা পাচ্ছেন ৮,৩৮৮ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৬,৮৪১ জন। অনগ্রসর জনগোষ্ঠী ২১৩ জন, বেদে জনগোষ্ঠী ১৮৬ জন, অবসরপ্রাপ্ত জনগোষ্ঠী ১১৯ জন। এছাড়া বেদে শিক্ষার্থী ৩৭ জন, প্রতিবন্ধী শিক্ষার্থী ১০৯ জন, রোগী কল্যাণে ৬৪ জন, সমাজকল্যাণ কমিটি ১৪ জন, স্বেচ্ছাসেবী সংস্থা ২টি, বেসরকারি এতিমখানায় ১২২ জন, ক্যান্সার রোগীসহ ৯৮ জন এবং ২ জন ভিক্ষুককে পুনর্বাসনের সুবিধা দেওয়া হয়েছে।
সভা শেষে তিনজন প্রতিবন্ধীর হাতে প্রতিবন্ধি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিতরা সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে আরও কার্যকর ও নিরপেক্ষভাবে সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন ধরনের ভাতা ও সহায়তা মানুষের জীবনযাত্রা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এগুলো আরও সম্প্রসারিত করার জন্য তারা নিরলসভাবে কাজ করছেন।