মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম বলেছেন, কারো হুমকি-ধমকিতে তারা ভয় পাবে না। তিনি বলেন, “আমি জনগণের স্বতন্ত্র প্রার্থী, এবং জনগণকে সাথে নিয়েই জয়লাভ করবো।”
শনিবার, ৭ ফেব্রুয়ারি, সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লা থানার পাগলা, কুতুবপুর ও দেলপাড়া এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন, “আমরা আশাবাদী প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। ইতিমধ্যেই প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে নির্বাচন নিরপেক্ষ ও সুন্দর হবে।”
মোঃ শাহ আলম আরও বলেন, “আমরা ন্যায়ের পক্ষে আছি এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দল জয়লাভ করবে, আমরা তাকেই সমর্থন করবো। আমরা চাই নির্বাচনের মাঠ সমান সুযোগের হোক, যাতে সকল প্রার্থী শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গতভাবে অংশগ্রহণ করতে পারে।”
তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি বা প্ররোচনা আমাদের চলমান গণসংযোগকে ব্যাহত করতে পারবে না। জনগণই হবে সুষ্ঠু নির্বাচনের মূল নিয়ন্ত্রক।”